একে মিলন সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কাটাখালী বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রমিজ উদ্দিন মাস্টার এবং বিএনপি নেতা পাভেল আহমেদের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। রোববার রাতে কাটাখালী বাজারে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন একটি দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে রমিজ উদ্দিন মাস্টার অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের দোসররা এখন বিএনপি সাজার চেষ্টা করছে। তারাই পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। হামলায় আমি নিজেও আহত হয়েছি।
অন্যদিকে পাভেল আহমেদ পাল্টা অভিযোগ করে বলেন, “আমরা বিশ্বম্ভরপুর থানা পুলিশের অনুমতি নিয়ে দলীয় কার্যালয়ে সভা করছিলাম। সে সময় রমিজ উদ্দিন মাস্টারের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।”
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে এই সংঘর্ষ। আমাদের জানামতে ৭-৮ জন আহত হয়েছেন।”
আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply